'মোদিকে হটাতে পাকিস্তানের সাহায্য নিচ্ছে কংগ্রেস'

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ১৩:০৭

কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন। নির্মলার অভিযোগ, কংগ্রেস নরেন্দ্র মোদিকে সরানোর জন্য পাকিস্তানের সাহায্য নিচ্ছে।  

শনিবার  ক্ষমতাসীন দল বিজেপি-র জাতীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের শেষ দিনে এই অভিযোগ করেন নির্মলা।

 

নির্মলা সীতারমন বলেন, মোদির নির্দেশে ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছে৷ আর বিরোধীরা তার প্রমাণ চাইছে৷ আর কংগ্রেসের কিছু নেতা পাকিস্তানে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হটাতে সাহায্য চেয়ে এসেছেন৷ এমন জঘন্য রাজনীতি কংগ্রেসের পক্ষেই  সম্ভব৷  

আরো পড়ুন: 'নেতানিয়াহু-বিন সালমান' বৈঠক আয়োজনে ব্যাপক তোড়জোড় 

তিনি আরো বলেন, গোটা বিশ্বে পাকিস্তান এখন একঘরে হয়ে গিয়েছে৷ এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী কূটনীতির জন্য৷

এছাড়া নরেন্দ্র মোদি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন বলে উল্লেখ করেন নির্মলা।  

ইত্তেফাক/এসআর