ভারতে কুম্ভমেলার দিগম্বর আখড়ায় আগুন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৬:২৩

ভারতের উত্তরপ্রদেশে কাল থেকে শুরু হতে চলা ঐতিহাসিক কুম্ভমেলায় আগুন লেগেছে। সোমবার সকালে মেলার দিগম্বর আখরায় আগুন লাগে। তবে কোন সাধু বা পূণ্যার্থী হতাহত হওয়ার খবর জানা যায়নি। দমকলকর্মীরা জানিয়েছেন, খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর এনডিটিভির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলিন্ডার বিস্ফোরণ থেকেই আগুন লাগে।দ্রুত ঘটনাস্থলে ছুটে যান দমকল এবং জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তরের কর্মীরা।দ্রুত জায়গাটি পরিষ্কার করে ফেলা হয়। ঘটনাস্থলে  ১০ টি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। তবে  সেগুলিকে ব্যবহার করার প্রয়োজন হয়নি।

কাল (১৫ জানুয়ারি) থেকে উত্তরপ্রদেশের প্রয়োগরাজে  শুরু হতে চলা কুম্ভ মেলায় এ বছর ১২ কোটিরও বেশি মানুষ আসবেন বলে ধারণা করা হচ্ছে। প্রয়োগরাজে মেলা ভালভাবে করতে ২ হাজার ৮০০ কোটি টাকা খরচ করছে  যোগী আদিত্যনাথের রাজ্য সরকার।

আরও পড়ুনঃ দেশের বৃহৎ পাকশালার রান্নায় ১০ লক্ষাধিক মানুষের আপ্যায়ন

জায়গার দিক থেকেও এবারের কুম্ভমেলা আগেরটির চেয়ে বড় পরিসরে হচ্ছে। এবার ৩,২০০ হেক্টর জায়গা  জুড়ে হচ্ছে  মেলা। উত্তরপ্রদেশের পর্যটন কর্মকর্তারা জানিয়েছেন,  গতবারের থেকে এবার প্রায় দ্বিগুণ জায়গা জুড়ে মেলা হচ্ছে।

এবারও মেলা শুরুর আগে থেকেই প্রচুর মানুষ ভিড় করেছেন। তবে প্রথমেই আগুনের ঘটনা ঘটায় দুশ্চিন্তা কিছুটা বাড়লো আয়োজকদের। ভারতের চার জায়গায় প্রতি চার বছর পর পর হয়  কুম্ভ  মেলা। এর আগে  ২০১৫ সালে  মহারাষ্ট্রের নাসিকে  হয়েছিল কুম্ভ মেলা।

ইত্তেফাক/টিএস