নাগোরনো-কারাবাখে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সহযোগিতা চেয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান। যুদ্ধবিরতির সর্বশেষ উদ্যোগ ব্যর্থ হওয়ার পর শনিবার তিনি নিরাপত্তা প্রদানের জন্য জরুরি ভিত্তিতে পরামর্শ শুরুর জন্য পুতিনের প্রতি আহ্বান জানান। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের পুরনো সংঘাত গত ২৭ সেপ্টেম্বর থেকে নতুন করে আবার শুরু হয়। এরই মধ্যে সংঘাতে প্রাণহানি হয়েছে প্রায় ২ হাজার মানুষের। সংঘাত নিরসনে রাশিয়ার উদ্যোগে আর্মেনিয়া-আজারবাইজান দুটি অস্ত্রবিরতি চুক্তিতে পৌঁছার পরও লড়াই থামেনি। সবশেষ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সংঘাত নিরসনের প্রচেষ্টা চালানো হয়। এর অংশ হিসেবে তৃতীয় দফার অস্ত্রবিরতিতে পৌঁছায় দুই দেশ। সেটিও ব্যর্থ হলে শুক্রবার পুনরায় অস্ত্রবিরতির আলোচনায় বসলেও কোনো সমঝোতা হয়নি।
শুক্রবার জেনেভায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর পুতিনের কাছে একটি চিঠি লিখেছেন পাশিনিয়ান। চিঠির কথা জানিয়েছে আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। চিঠিতে আজারবাইজানের সঙ্গে চলমান সংঘর্ষ আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে।
এক বিবৃতিতে আর্মেনীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়ার প্রেসিডেন্টকে জরুরি ভিত্তিতে পরামর্শ শুরুর আহ্বান জানিয়েছেন। যাতে করে আর্মেনিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে রাশিয়া কোন ধরনের ও কী পরিমাণে সহযোগিতা দিতে পারবে তা নির্দিষ্ট করা যায়।

