মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন: পেছাতে পারে চূড়ান্ত ফলাফল ঘোষণা

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৬:৪০

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটগ্রহণ শুরু হবে স্থানীয় সময় ৩ নভেম্বরের (মঙ্গলবার)। দেশটিতে প্রথম ভোটগ্রহণ শেষ হবে এদিন সন্ধ্যা ৭টায়। যদিও একেক রাজ্যে ভোট শেষ হওয়ার সময় একেক রকম। সাধারণত নির্বাচনের রাতেই ফলাফল জানা যায়। তবে এবার চূড়ান্ত ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গণমাধ্যমগুলো থেকে জানা যায়, এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। কিন্তু এদের মধ্যে বেশিরভাগেই অংশ নিয়েছে আগাম ভোটে। করোনা ভাইরাসের কারণেই আগাম ভোটে বেশি আগ্রহী ছিল দেশটির নাগরিকরা। সেদিক থেকে ১০ কোটির বেশি ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, আগাম ভোট দেওয়ার কারণে মার্কিন নির্বাচনে এবার ফলাফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে। যদিও জাতীয় ভোটের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন না। তবে রাজ্যগুলোতে জয়ের মাধ্যমে কোনও প্রার্থী ইলেকটোরাল কলেজ প্রতিনিধি বেশি পেলে তিনিই প্রেসিডেন্ট নির্বাচিত হন।

আরও পড়ুন: অস্ট্রিয়ায় সন্ত্রাসী হামলায় সমবেদনা জানালেন বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রত্যেকটি রাজ্যে জনসংখ্যার ভিত্তিতে ইলেকটোরাল কলেজের সংখ্যা নির্ধারিত। মার্কিন সংসদের উচ্চকক্ষ সিনেটের ১০০ জন, প্রতিনিধি পরিষদের ৪৩৫ এবং সাংবিধানিক ক্ষমতাবলে ওয়াশিংটন ডিসির তিনজন প্রতিনিধিসহ দেশটিতে মোট ইলেকটোরাল কলেজ প্রতিনিধির সংখ্যা ৫৩৮। হোয়াইট হাউসে যাওয়ার জন্য একজন প্রার্থীর অন্তত ২৭০ ইলেকটোরাল ভোটের দরকার হয়।

ইত্তেফাক/আরআই