করোনার কারণে ২০৩০ সাল নাগাদ আরো ২০ কোটি ৭০ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্য হবে বলে জানিয়েছে ইউএনডিপি। দীর্ঘস্থায়ী এ মহামারির ভয়াবহ পরিণতির জন্য এমনটা ঘটবে বলে উঠে এসেছে সংস্থাটির নতুন এক গবেষণায়।
গবেষণা প্রতিবেদনের ‘হাই ড্যামেজ’ ক্যাটেগরিতে বলা হয়, ২০৩০ সালের মধ্যে নতুন করে আরো ২০ কোটি ৭০ লাখ মানুষ চরম দরিদ্র সীমায় প্রবেশ করবে । এর মধ্যে ১০ কোটি ২০ লাখই নারী। সব মিলিয়ে এই সময়ে বিশ্বের চরম দারিদ্র্যের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে।
করোনা ইস্যুতে চলতি মৃত্যুহার এবং আইএমএফের সাম্প্রতিক প্রবৃদ্ধি প্রক্ষেপণ করে বলা হয়, করোনার সংক্রমণে ৪ কোটি ৪০ লাখের বেশি মানুষ চরম দারিদ্র্য হবে।বলা হচ্ছে, করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতির শতকরা ৮০ ভাগেই চলমান সঙ্কট আগামী ১০ বছর স্থায়ী হবে। এর ফলে উৎপাদন কমবে, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনেও বাধার সৃষ্টি হবে।

আরো পড়ুন: করোনা প্রকল্পে দুর্নীতির দায়ে গ্রেফতার ইন্দোনেশিয়ার মন্ত্রী
ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, এ গবেষণায় আগামী দশকের বেশি সময়জুড়ে করোনার ক্ষতিকর প্রভাবের মূল্যায়ন করা হয়েছে। এ ক্ষেত্রে ফের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের বাধাসমূহ বিবেচনায় নেয়া হয়।
পর্যবেক্ষণে বলা হয়, আগামী দশকে সামাজিক সুরক্ষা বা সমাজকল্যাণ কর্মসূচি, সুশাসন, ডিজিটালাইজেশন ও গ্রিন অর্থনীতির মতো লক্ষ্যমাত্রায় চরম দারিদ্র্য বৃদ্ধির এই উর্ধ্বহার প্রতিরোধ করা সম্ভব হবে না।
ইত্তেফাক/এএইচপি

