এরদোয়ানের ওপর 'চরম ক্ষেপা' ইরান, জানালো কড়া প্রতিবাদ 

আপডেট : ১১ ডিসেম্বর ২০২০, ২৩:৪৩

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের ওপর চরম ক্ষেপেছে ইরান। দেশটি ইতোমধ্যে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে।

ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, আজারবাইজান সফরকালে এরদোয়ানের এক কবিতা আবৃত্তি নিয়ে ক্ষেপেছে ইরান। এরই প্রেক্ষিতে শুক্রবার দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। 

আল জাজিরার ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,  এরদোয়ান ১৯ শতকে আজারবাইজের অঞ্চল রাশিয়া এবং ইরানের মধ্যে বিভক্ত হওয়া নিয়ে একটি আজেরি-ইরানি কবিতা আবৃত্তি করেছেন।  

ইরানের ভাষ্য, এরদোয়ানের ওই কবিতা আবৃত্তি করার ফলে তাদের দেশে থাকা আজেরি সংখ্যালঘুদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী প্রবণতা বাড়তে পারে। এরদোয়ানের এমন কবিতা আবৃত্তিকে দেশটি 'অনধিকারচর্চা' হিসেবে উল্লেখ করেছে।   

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, তুরস্কের রাষ্ট্রদূতকে অবহিত করেছে যে 'আঞ্চলিক দাবি এবং সম্প্রসারণবাদী সাম্রাজ্যের' যুগ শেষ হয়েছে।     

এতে আরো বলা হয়েছে, ইরান তার আঞ্চলিক অখণ্ডতায় কাউকে হস্তক্ষেপ করতে দেয় না।

এরদোয়ান যে কবিতা আবৃত্তি করেছে তার কয়েক লাইন ছিল, 'তারা আরস নদী আলাদা করে পাথর-রড দিয়ে ভরাট করেছে। আমি তোমাদের থেকে আলাদা হব না। তারা আমাদের জোর করে আলাদা করেছে।'  সূত্র: আল জাজিরা   

ইত্তেফাক/এসআর