কানাডা প্রশাসনের উচ্চ পর্যায়ে এখন পদত্যাগের ছড়াছড়ি। গভর্নর জেনারেল জুলি পায়েট, সেনা প্রধান সেনা প্রধান এডমিরাল আর্ট ম্যাকডোনাল্ড, অন্টারিও’র অর্থমন্ত্রী রড ফিলিপসের পর এবার পদত্যাগ করলেন কানাডীয় পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ডের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক মাচিন।
সম্প্রতি মার্ক ব্যক্তিগত সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। দুবাইয়ে তিনি কোভিড-১৯ এর টিকা নেন। এই তথ্য প্রকাশ পাওয়ার পর তুমুল সমালোচনার মুখে পরেন তিনি।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় মার্ক তার প্রতিষ্ঠানের কর্মীদের কাছে একটি চিঠি পাঠিয়ে এই পদত্যাগের কথা জানান। চিঠিতে তিনি তার সঙ্গীর সাথে দুবাইয়ে অত্যন্ত ব্যক্তিগত ভ্রমণ এবং কোভিড-১৯ টিকা নেয়ার কথাটি পরিষ্কার করেছেন। ভ্রমণে করোনা প্রোটোকল অনুসরণ করেছিলেন তিনি।
ওই চিঠিতে মাচিন আরও লেখেন, এই সফরটি খুবই ব্যক্তিগত উদ্দেশ্যে ছিল। কিন্তু এটি জনসাধারণের দৃষ্টি আকর্ষণ ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ায় আমি খুব হতাশ।
ইত্তেফাক/টিআর

