চীন ইস্যুতে ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

আপডেট : ১৮ মার্চ ২০২১, ১৮:৫৫

প্রথমবারের মতো ভারত সফরে আসছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড অস্টিন। দুইদিনের রাষ্ট্রীয় ভিজিটে আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) তার নয়াদিল্লিতে অবতরণের কথা রয়েছে। বাইডেন প্রশাসনের কোনো কর্মকর্তার এটাই প্রথম ভারত সফর।

বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, সফরে চীন-আফগানিস্তানসহ আঞ্চলিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা ইস্যু নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবোলের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি ভারতের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। আগামী ২১ মার্চ তার নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে।

এক সরকারি সূত্র জানিয়েছে, শুক্রবার বৈঠকে বসবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোবোল ও মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল লয়েড অস্টিন। সেখানে তারা চীনসহ সকল নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। সফরে উভয় পক্ষের মধ্যে এটাই প্রথম বড় সাক্ষাৎকার হবে।

গত বছরের এপ্রিল-মে মাসে লাদাখ সীমান্তকে কেন্দ্র করে চীনা বাহিনীর সঙ্গে উত্তেজনায় জড়িয়ে পড়ে ভারত। এরপর থেকেই নিরাপত্তা ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে মিলে নিবিড়ভাবে কাজ করছে নয়াদিল্লি।

উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা বাণিজ্য নিয়েও আলোচনা করবেন এই দুই কর্মকর্তা।

ইত্তেফাক/টিএ