করোনার মধ্যে ভারতে ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল বাংলাদেশ, এবার শ্রীলঙ্কায় আর্থিক সাহায্য পাঠাচ্ছে। নিজেদের অর্থনৈতিক উত্থানকে প্রদর্শন করার পাশাপাশি এটাকে কাজে লাগিয়ে প্রতিবেশিদের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করছে বাংলাদেশ। এভাবেই বাংলাদেশের বর্তমান রূপ তুলে ধরেছে ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কাকে ২০ কোটি ডলার দিচ্ছে বাংলাদেশ। এটি তাদের অর্থনীতিকে বাড়াতে সহায়তা করবে। এমনকি এটি কলম্বোকে বর্তমানে যে বিশাল ঋণ সংকটের মুখোমুখি হচ্ছে তা মোকাবেলা করতে সক্ষম করবে। শ্রীলঙ্কাকে এই অর্থ কারেন্সি সোয়াপ পদ্ধতিতে দিচ্ছে বাংলাদেশ। এ পদ্ধতিতে দুই দেশ পরস্পরকে একই পরিমাণ টাকা ভিন্ন মুদ্রায় দেয়। এটি অনুকূল দামে বৈদেশিক মুদ্রায় ঋণ গ্রহণের ব্যয় হ্রাস করতে সহায়তা করে।
২০১৯ সালের ইস্টার বোমা হামলার পর থেকেই শ্রীলঙ্কান অর্থনীতি গভীর সংকটে আছে। এর মধ্যে করোনা মহামারি শুরু হওয়ায় তাদের পর্যটন শিল্প এবং অন্যান্য খাতের সর্বনাশ হয়েছে। এদিকে মহামারিকালে ভারতে দুবার ত্রাণ পাঠানো ৪০টি দেশের একটি হচ্ছে বাংলাদেশ। গত ৬ মে ভারতে ১০ হাজার শিশি রেমডিসিভির পাঠায় বাংলাদেশ। পরে ১৮ মে ফের দুই হাজার ৬৭২ বাক্স এন্টি ভাইরাল ড্রাগ ও করোনা সুরক্ষাসামগ্রী পাঠানো হয়।
ইত্তেফাক/এসএ

