আফগানিস্তানে দীর্ঘায়িত গৃহযুদ্ধের আশঙ্কা

আপডেট : ০৯ আগস্ট ২০২১, ১৮:৩৮

আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল দখলের পর এবার প্রাদেশিক রাজধানীগুলোর নিয়ন্ত্রণ নিতে শুরু করেছে তালেবান। ইতিমধ্যে সেবারঘান, জারাঞ্জ, কুন্দুজ, সার-ই-পল ও তালুকান এই পাঁচটি প্রাদেশিক রাজধানীর দখল নিয়েছে তারা। এমতাবস্থায় দেশটিতে দীর্ঘায়িত গৃহযুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন কাবুলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক এক রাষ্ট্রদূত। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার জের ধরে ২০০১ সালে আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে দেশটি। সেই আগ্রাসনের ২০ বছর পূর্তির প্রায় এক মাস আগে আফগানিস্তানে তালেবানদের অগ্রযাত্রা উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে।

No description available.

গতকাল রবিবার কাবুলে নিযুক্ত মার্কিন সাবেক রাষ্ট্রদূত রায়ান ক্রোকার এবিসি নিউজের এক অনুষ্ঠানে বলেন, আফগানিস্তানের পুরোটা দ্রুত তালেবানের দখলে যাওয়ার চেয়েও বড় কথা হলো দেশটিতে একটি দীর্ঘায়িত গৃহযুদ্ধ লেগে যেতে পারে।

তিনি বলেন, তালেবান এবার বেশ বুদ্ধিমত্তার সঙ্গে অগ্রসর হচ্ছে। তারা এখন পর্যন্ত রাজধানী কাবুলে বড় ধরনের হামলা করেনি। ভয় ও আতঙ্কের পরিবেশ সৃষ্টির জন্য তারা ধীরে ধীরে এগোচ্ছে। ফলে তালেবানরা বিস্ময়করভাবে সফলতা পাচ্ছে।

এদিকে, আফগানিস্তানের জোজ্জন প্রদেশের শেবারগান শহরে তালেবানদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে মার্কিন বি-৫২ বোমারু বিমান। গত শনিবার সন্ধ্যায় এ হামলা করা হয় বলে জানিয়েছে লাস্টলি ডট কম। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানিয়েছেন, এই হামলায় তালেবানদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ইত্তেফাক/টিএ