নতুন নিয়ম মানতে গেমিং কোম্পানিগুলোকে চাপ দিচ্ছে চীন

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১১:১১

চীনে গেমিং কোম্পানিগুলোকে তলব করেছে দেশটির সরকার। গত মাসে ভিডিও গেম নিয়ে নতুন বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। এ নিয়ম মানতে কোম্পানিগুলোকে চাপ দেওয়া হচ্ছে। যারা মানবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গত মাসে ১৮ বছরের কমবয়সীদের জন্য সপ্তাহে তিনঘণ্টার বেশি গেম খেলা নিষিদ্ধ করেছে চীন। টেকনোলজি, শিক্ষা এবং সম্পদের ওপর ক্রমেই কঠোর বিধিনিষেধ আরোপ করছে দেশটির কর্তৃপক্ষ।

 

কমবয়সীদের গেমে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করতে বুধবার গেমিং কোম্পানিগুলোকে নির্দেশ দিয়েছে চীন। কোম্পানিগুলোর মধ্যে টেনসেন্ট এবং নেটএজও রয়েছে। এছাড়া সেলফ মিডিয়ার ওপরও কঠোর হচ্ছে দেশটি। যেসব মিডিয়া অ্যাকাউন্ট থেকে অরিজিনাল কনটেন্ট তৈরি করা হলেও তা কোনো কর্তৃপক্ষের অধীনে নয়- সেগুলোকে সেলফ মিডিয়া বলা হয়। 

গত ২৭ আগস্ট থেকে এখন পর্যন্ত এমন এক হাজার ৭৯৩ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। এসব আইডি থেকে ক্ষতিকর তথ্য ছড়ানো হতো বলে অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এসএ