কলম্বিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ভেনিজুয়েলা

আপডেট : ১৪ মার্চ ২০২২, ১২:০২

কলম্বিয়ার সঙ্গে সকল ধরণের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এছাড়া আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির কূটনীতিকদের ভেনিজুয়েলা ত্যাগ করার আল্টিমেটাম দিয়েছেন তিনি। 

রাজধানী কারাকাসে শনিবার মাদুরো তার সরকারের সমর্থনে আয়োজিত বিশাল জনসমাবেশের ভাষণ দিতে গিয়ে একথা জানান। 
তিনি বলেন, তার দেশের অভ্যন্তরীণ বিষয়ে মার্কিন হস্তক্ষেপে সহযোগিতা করার কারণে কলম্বিয়ার বিরুদ্ধে এই ব্যবস্থা নেয়া হয়েছে। 

কলম্বিয়া সীমান্তে যুক্তরাষ্ট্রের পাঠানো ত্রাণ গত কয়েক সপ্তাহ ধরে আটকে আছে। মাদুরোর অভিযোগ যুক্তরাষ্ট্র এসব লোক দেখানো ত্রাণ পাঠানোর নামে ভেনিজুয়েলায় সামরিক অভ্যুত্থান ঘটাবে। 

মাদুরো এসব  ত্রাণ কোন ভাবেই ভেনিজুয়েলাতে প্রবেশ করতে পারবে না বলে প্রতিজ্ঞা করেছে।

তবে দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো জানিয়েছে যেকোন প্রকারে কলম্বিয়া সীমান্ত দিয়ে ত্রাণ ঢোকাবে। এনিয়ে গতকাল কলম্বিয়া সিমান্তে ভয়াবহ সংঘর্ষ বাধে।

কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্তে ত্রাণ প্রবেশ নিয়ে সংঘর্ষের জেরে ২৮৫ জন আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি আছে ৩৭ জন। ভেনিজুয়েলার নিরাপত্তা বাহিনী এসব লোকের ওপর টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুঁড়ে বলে জানান তিনি।

আরো পড়ুন: কলম্বিয়া সীমান্ত বন্ধ করে দিয়েছে ভেনিজুয়েলা 

গত এক মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। তথ্যসূত্র: বিবিসি, সিএনএন। 

ইত্তেফাক/এসআর