ভারতের কুম্ভমেলায় গিয়ে পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুইয়ে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবারের এ ঘটনা আলোচনায় এসেছে ভারত জুড়ে। খবর সিএনএন-নিউজ এইটিনের।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, রবিবার দুপুরে প্রয়াগরাজে পৌঁছানোর পর কুম্ভমেলায় যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেখানে গঙ্গায় ডুব দিয়ে পুন্যস্নান সারেন তিনি ৷ এরপর করেন পুজো-অর্চনা৷ মানুষের জন্য প্রার্থণা করেন। তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ দলের অন্যান্য নেতারা।
পরে নিজে হাতে কুম্ভ মেলার পরিচ্ছন্নতা কর্মীদের পা ধুইয়ে দেন নরেন্দ্র মোদী ৷ কুম্ভক্ষেত্রকে যে সকল কর্মীরা প্রতিনিয়ত পরিচ্ছন্ন করে রাখছেন, তাঁদের পা ধোয়ানোর পর শাল দিয়ে মুছেও দেন ভারতীয় প্রধানমন্ত্রী৷
এর আগে মোদীর আগমন উপলক্ষ্যে কুম্ভমেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থার আয়োজন করা হয়। খোদ প্রধানমন্ত্রীর কুম্ভে স্নান করায় বহু মানুষ উচ্ছসিত হন। সংবাদমাধ্যমে অনেককে বলতে শোনা যায়, এই প্রথম কোনও প্রধানমন্ত্রী কুম্ভ-স্নান করলেন। সংবাদ মাধ্যমের সামনে পাকিস্তান বিরোধী স্লোগানও তোলেন কিছু মানুষ।

আরও পড়ুনঃ বিয়ের পিঁড়িতে বসছেন সানাই!
উল্লেখ্য, একইদিনে ভারতের ১২ কোটি কৃষকদের জন্য কিষান সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের আওতায় ২ হেক্টেরর কম জমির মালিকরা বছরে ৬ হাজার টাকা পাবেন ৩ কিস্তিতে। সেই টাকা দেওয়ার কাজও এদিন শুরু করা হয়।
ইত্তেফাক/টিএস

