পাকিস্তানে হামলায় ২৫০ জঙ্গি নিহত হয়েছে: অমিত শাহ

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৯:১৪

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সভাপতি অমিত শাহ বলেছেন, পাকিস্তানের বালাকোটে বিমান হামলায় আড়াইশ’র বেশি জঙ্গি নিহত হয়েছে। তবে ভারতের বিমান বাহিনীর প্রধান জানিয়েছেন, আমরা হামলা করি, কিন্তু নিহতের সংখ্যা গুনি না। 

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ নিজেই রবিবার আমদাবাদে জানিয়েছেন হামলায় নিহত জঙ্গির সংখ্যাটা। তার কথায়, পুলওয়ামায় হামলার পরে সবাই ভেবেছিল, এই সময় সার্জিকাল স্ট্রাইক করা যাবে না। এবার কী হবে? তখনই মোদী সরকার ১৩ দিনের মাথায় বিমান বাহিনী অভিযান চালিয়ে ২৫০ এর বেশি জঙ্গিকে মেরেছে।

বালাকোটে হামলার ৫ দিন পর মুখ খুলল ভারতীয় বিমান বাহিনী। সরকারের কোর্টে বল ঠেলে দিয়ে বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিংহ ধনোয়ার দাবি, যে লক্ষ্য ছিল তাতে নিখুঁত আঘাত হানতে সক্ষম হয়েছেন তারা।

গতকাল সোমবার সাংবাদিক বৈঠক করেন এয়ার চিফ মার্শাল বি এস ধনোয়া। বিমান বাহিনীর যুদ্ধবিমান ও অন্যান্য প্রযুক্তিগত উন্নয়ন নিয়ে সাংবাদিক বৈঠক হলেও স্বাভাবিকভাবেই উঠে আসে ২৬ ফেব্রুয়ারি হামলার প্রসঙ্গ।

আরো পড়ুন: ভেনিজুয়েলায় ফিরে বিক্ষোভে অংশ নিলেন গুয়াইদো

হামলায় কত জঙ্গির মৃত্যু হয়েছে এই প্রশ্নে ধানোয়ার জবাব, আমরা মৃতদেহ গুণে দেখি না। শুধু দেখা হয়, নির্দিষ্ট করে দেওয়া লক্ষ্যমাত্রায় নিখুঁত হামলা করা সম্ভব হয়েছে কি না। সেদিক থেকে এই অভিযান সফল। আমরা নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় আঘাত হানতে পেরেছি। তবে কত জনের মৃত্যু হয়েছে বা কতজন আহত হয়েছে সে বিষয়ে সরকার তথ্য দিতে পারবে। তথ্য সূত্র: এনডিটিভি, আনন্দবাজার।

ইত্তেফাক/এসআর