গির্জা, হোটেলে ভয়াবহ সিরিজ বোমা হামলায় ২৯০ জনের প্রাণহানির ঘটনায় আজ (মঙ্গলবার) জাতীয় শোক দিবস পালন করছে শ্রীলঙ্কা। দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা সোমবার রাতে দিবসটি পালনের ঘোষণা দেন। দ্য গার্ডিয়ান।
প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের স্মরণে মঙ্গলবার সকাল সাড়ে আটটায় দেশটির জাতীয় পতাকা নমিত রাখা হয়। দেশটির নাগরিকেরা নিহতদের শ্রদ্ধা জানাতে তিন মিনিট নিরবতা পালন করেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে দেশজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, এই ট্রাজেডির মুখে আমাদের ঐক্যবদ্ধ থাকা আবশ্যক।
দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিল জানায় সোমবার মধ্যরাত থেকে শ্রীলঙ্কায় জরুরি অবস্থা চলছে।
আরো পড়ুন: ইব্রাহিম (আ.) মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল
এছাড়া ভয়াবহ এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রীলঙ্কান পুলিশ ইতিমধ্যে ২৪ জনকে আটক করেছে। এছাড়া এই ঘটনাকে কেন্দ্র করে কোন গুজব ও ভুয়া খবর যেন ছড়াতে না পারে সেজন্য দেশটির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।
উল্লেখ্য, গত রবিবার সকাল ৮ টা ৪৫ নাগাদ খ্রিস্টানদের ধর্মীয় উৎসব ইস্টার সানডে উদযাপনকালে কোচকিকাদে, কাতুয়াপিটিয়া ও বাট্টিকালোয়া নামক স্থানের তিনটি গির্জায় বোমা বিস্ফোরণ ঘটে।
প্রায় একই সময়ে দেশটির রাজধানীর অভিজাত তিনটি হোটেল সাংগ্রি লা, দ্য কিন্নামোন এবং কিংসবারিতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।
হামলায় ২৯০ জন নিহত ছাড়াও আরো পাঁচ শতাধিক মানুষ আহত হয়েছেন।
ইত্তেফাক/এসআর

