বিতর্কিত ধর্ম বক্তা জাকির নায়েকের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ এনেছেন ভারত। নির্বাসনে থাকা জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২.৮ কোটি ডলার (২.১ কোটি পাউন্ড) মূল্যের অবৈধ সম্পদের মালিক। খবর বিবিসির।
এছাড়া ভারতীয় কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে 'ঘৃণা উদ্রেককারী' বক্তব্য ছড়িয়ে দেয়া এবং সন্ত্রসবাদকে উস্কানি দেয়ার অভিযোগও এনেছে।
৫৩ বছর বয়সী মি. নায়েক তাঁর টেলিভিশন চ্যানেল 'পিস টিভি'র মাধ্যমে কট্টরপন্থী ইসলামী মতবাদ প্রচার করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
বাংলাদেশ ও ভারতে পিস টিভির সমম্প্রচার নিষিদ্ধ হলেও বিশ্বব্যাপী এই চ্যানেলের ২০ কোটি দর্শক রয়েছে।
দুবাই ভিত্তিক এই চ্যানেলের মালিকানা ইসলামিক নিসার্চ ফাউন্ডেশন নামের একটি সংস্থার যেই সংস্থাটির প্রধান জাকির নায়েক নিজেই।
২০১৬ সালের জুলাইতে ঢাকার গুলশানে হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালানো বন্দুকধারীদের একজন 'পিস টিভি'র মাধ্যমে হামলায় উৎসাহিত হয়েছিল - এমন অভিযোগ ওঠার পর বাংলাদেশেও পিস টিভির সম্প্রচার বন্ধ করা হয়।
এছাড়া সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জা ও হোটেলে হামলার জেরে দেশটিতে পিস টিভির সম্প্রচার বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার মুম্বাইয়ের একটি আদালতে মি. নায়েকের বিরুদ্ধে আর্থিক অপরাধের অভিযোগ এনে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে যে তিনি অপরাধমূলক কর্মকান্ডের মাধ্যমে লক্ষাধিক ডলার অর্থ আয় করেছেন।
সংস্থাটি দাবি করে, মি. নায়েক 'বিতর্কিত এবং সন্দেহজনক উৎস' থেকে পাওয়া অর্থ ব্যবহার করে ভারতে ভূমির মালিক হয়েছেন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য অর্থায়ন করেছেন, যেসব অনুষ্ঠানে তিনি নিজে 'উস্কানিমূলক বক্তব্য' দিয়েছেন।
আরো পড়ুন: নির্যাতনসহ লাখো মুসলিমদের ওপর নজরদারি চীনের
তবে জাকির নায়েক এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। জাকির নায়েকের দাবি, বৈধ পন্থাতেই অর্থ আয় করেছেন তিনি।
ইত্তেফাক/এসআর
