পাকিস্তানের চেয়ে বিপজ্জনক দেশ আর একটাও নেই

আপডেট : ০৪ মে ২০১৯, ১১:১২

সন্ত্রাসে মদত জোগানো নিয়ে এবার পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন যুক্তরাষ্ট্রের সাবেক সিআইএ প্রধান মাইকেল মোরেল। তিনি বলেন, ভারতকে জব্ধ করতে পাকিস্তান যেভাবে দুধকলা দিয়ে সাপ পুষছে, তার ছোবল দেশটিকে খেতেই হবে। মাইকেল মোরেল বলেন, এসব কারণে পাকিস্তান এখন যে সবচেয়ে বিপজ্জনক দেশ সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। 

বারাক ওবামার আমলে সিআইএ-র ভারপ্রাপ্ত পরিচালক ছিলেন মাইকেল মোরেল। ২০১১-য় পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামা বিন লাদেন নিধনেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। সম্প্রতি কূটনীতিক কার্ট ক্যাম্পবেল এবং ভারতে মার্কিন সরকারের প্রাক্তন রাষ্ট্রদূত রিচার্ড বর্মার সঙ্গে একটি আলোচনা অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানেই পাকিস্তানকে তুলোধোনা করেন। 

মাইকেল মোরেল বলেন, ‘‘ভারতের সামনে বিপন্ন বোধ করে পাকিস্তান। অস্তিত্ব সংকটে ভোগে। পাছে আফগানিস্তানের উপরও ভারত প্রভাব খাটায়, সেই ভয়ও রয়েছে। ভারতকে জব্দ করতেই বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরি করেছে তারা। কিন্তু নিজেদের বিপদ ডেকে এনেছে তারা। শেষমেশ তাদেরই ফল ভোগ করতে হবে। এই মুহূর্তে পাকিস্তানের চেয়ে বিপজ্জনক দেশ বোধহয় আর একটাও নেই।’’

সন্ত্রাস দমনে এতদিন মার্কিন সরকারের কাছ থেকে কোটি কোটি টাকার অনুদান পেলেও বাস্তবে পাকিস্তান সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপই নেয়নি। বরং লস্কর-ই-তৈয়বা, জইশ-ই-মহম্মদ-এর মতো জঙ্গি সংগঠনগুলো দিব্যি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে সেখানে। খাইবার পাখতুনখোয়া-সহ আফগান সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় আবার সক্রিয় তালেবান জঙ্গিরাও। এ সবের মধ্যে পাকিস্তানের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। 

গত বছর আগস্টে ইমরান খান ক্ষমতায় আসার পর পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশা করা হলেও আদতে তা হয়নি। বরং চীনের কাছে প্রচুর ধার দেনা হয়ে গিয়েছে তাদের।

এমন পরিস্থিতিতে তাদের পক্ষে ঘুরে দাঁড়ানো একেবারেই সম্ভব নয় বলে মন্তব্য করেন মাইকেল মোরেল। তিনি বলেন, ‘‘পাক অর্থনীতির কোনো ভবিষ্যত্ নেই। যুব সমাজের কর্মসংস্থান করা কোনওভাবেই সম্ভব নয় তাদের পক্ষে। দেশের শিক্ষা ব্যবস্থাও একেবারে ভেঙে পড়েছে। তাই বাধ্য হয়ে অভিভাবকরা ছেলেমেয়েদের মাদ্রাসায় পাঠাচ্ছে। পরবর্তীতে এসব ছেলেমেয়ে কী করছে তা সকলেরই জানা।”

আগামী ১০ বছরের মধ্যে পাকিস্তান জুড়ে ‘আরব বসন্ত’ আন্দোলন শুরু হলে অবাক হবেন না বলেও জানান মোরেল। তিনি বলেন, ‘‘উগ্রপন্থা পাকিস্তানের অলিগলিতে ঢুকে পড়েছে। এমনকি দেশের সেনাবাহিনীতেও প্রবেশ করেছে। তাই আগামী পাঁচ-দশ বছরে আরব বসন্তের মতো আন্দোলনের জেরে পাক মসনদে কোনো উগ্রপন্থি সরকার গঠিত হলে অবাক হব না।’’

পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র। ভবিষ্যতে ওই উগ্রপন্থি সরকারের হাতে পরমাণু অস্ত্র পৌঁছলে, পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তথ্যসূত্র: আনন্দবাজার।

ইত্তেফাক/এসআর