একটু ভালো থাকার জন্য, একটু সুখী হওয়ার জন্য মানুষের কতই না প্রচেষ্টা। কেউ মনে করে অর্থ থাকলে সুখী থাকা যায়, ক্ষমতা থাকলে সুখী থাকা যায়। কিন্তু বিপুল অর্থ কিংবা অসীম ক্ষমতা থাকার পরও অনেকে সুখী হতে পারে না। এই কথাটা আবারো প্রমাণিত হয়েছে জাতিসংঘের প্রকাশিত সর্বশেষ সুখী দেশের তালিকা থেকে।
দ্বিতীয়বারের মতো বিশ্বের সুখী দেশের তালিকায় শীর্ষ স্থানটি ইউরোপের দেশ ফিনল্যান্ডের দখলে। দেশটির নাগরিকদের আর্থিক সঙ্গতি, জীবনযাপনের স্বাধীনতা, কম দুর্নীতি, স্বাস্থ্য সুরক্ষা, সামাজিক নিরাপত্তা ও উদারতার মানদণ্ডে সুখী দেশের এই তালিকা তৈরি করেছে জাতিসংঘ। তালিকার শীর্ষ দশে নেই যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জাপান কিংবা দক্ষিণ কোরিয়ার নাম। জাতিসংঘের তত্ত্বাবধানে পালিত বিশ্ব সুখ দিবসে এই তালিকা প্রকাশ করা হয়।
সুখী দেশের ধারণাটি শোনার পর অনেকের মধ্যেই আগ্রহ হতে পারে সে দেশের জীবনযাত্রা সম্পর্কে। বর্তমানে ফিনল্যান্ডের মোট জনসংখ্যা ৫৪ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে গড়ে ১৬ জন মানুষ বসবাস করে ফিনল্যান্ডে। ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বনিম্ন জনসংখ্যা দিক দিয়ে ফিনল্যান্ডের অবস্থান তৃতীয়।
ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে উত্তরে অবস্থিত দেশগুলির একটি। এর এক-তৃতীয়াংশ এলাকা সুমেরুবৃত্তের উত্তরে অবস্থিত। এখানে ঘন সবুজ অরণ্য ও প্রচুর হ্রদ রয়েছে। প্রাচীরঘেরা প্রাসাদের পাশাপাশি আছে অত্যাধুনিক দালানকোঠা। দেশটির বনভূমি এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এগুলিকে ফিনল্যান্ডের ‘সবুজ সোনা’ নামে ডাকা হয়।
ফিনল্যান্ডের অর্থনীতির মূলে রয়েছে বৈদেশিক বাণিজ্য। দেশটিতে রয়েছে ইলেকট্রনিকস, গাড়ি এবং অন্যান্য ভারি যন্ত্রপাতির বড় বড় কারখানা। ফলে সেখানকার মানুষ ভালো আয় করে। ফিনল্যান্ড ইউরোপের সবচেয়ে নবীন রাষ্ট্রগুলির একটি হলেও এর সাংস্কৃতিক ঐতিহ্য ও স্বাতন্ত্র্যে সমুজ্জ্বল। বিশেষত আধুনিক স্থাপত্যকলা ও শিল্পকারখানা ডিজাইনে ফিনল্যান্ডের সুনাম আছে।
সাউনা তথা ফিনীয় ধাঁচের বাষ্পস্নান বিশ্ববিখ্যাত এবং এটি তাদের দৈনন্দিন জীবনের অঙ্গ। ফিনল্যান্ডের মেরু অঞ্চলে মে থেকে জুলাই পর্যন্ত প্রায় সব সময় দিন থাকে। ‘মধ্যরাতের সূর্যের’ এই এই দিনগুলিতে ফিনল্যান্ডের নয়নাভিরাম উপকূলীয় এলাকাগুলোতে হাজার হাজার লোক নৌকা নিয়ে বেড়াতে যায়। অনেক পর্যটক রোমাঞ্চকর অভিযানের টানে ফিনল্যান্ডের মধ্যভাগের বনভূমিতে ছুটে যায়।
এই তালিকায় শীর্ষ ১০টি সুখী দেশ হলো ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, আইসল্যান্ড, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সুইডেন, নিউজিল্যান্ড, কানাডা এবং অস্ট্রেলিয়া। অপরদিকে সবচেয়ে অসুখী দেশগুলোর ১০টি হলো দক্ষিণ সুদান, মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র, আফগানিস্তান, তাঞ্জানিয়া, রুয়ান্ডা, ইয়েমেন, মালাউ, সিরিয়া, বতসোয়ানা এবং হাইতি।
সুখী দেশের তালিকায় গত বছর ১১৫তম হলেও বাংলাদেশ এবার ১০ ধাপ পিছিয়ে হয়েছে ১২৫তম অবস্থানে। পাকিস্তান এই তালিকায় ৬৭তম স্থান নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সুখী দেশ হিসেবে এগিয়ে আছে। এছাড়া, শ্রীলংকা ১৩০, ভারত ১৪০, ভূটান ৯৫ ও নেপাল রয়েছে সুখী দেশের তালিকায় ১০০তম অবস্থানে রয়েছে।-সিএনএন
ইত্তেফাক/এমআর

