শ্রীরাম স্লোগানে তাঁর আপত্তি নেই, তবে “ধর্ম ও রাজনীতি মিশিয়ে পশ্চিমবঙ্গে যেভাবে অশান্তি পাকাচ্ছে” বিজেপি কর্মীরা, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে, ফেসবুক পোস্টে এমনই লিখলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মমতাকে দেখলেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিচ্ছেন বিজেপি কর্মীরা। আর এতে একাধিকবার মেজাজ হারিয়েছেন তিনি। খবর এনডিটিভির।
লোকসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস নেতাদের দেখে রাজ্যের বিভিন্ন জায়গায় ধর্মীয় স্লোগান দেওয়া হচ্ছে। এমনকী বাদ পড়েন নি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই পরিস্থিতিতেই ফেসবুক পোস্টে এমন লিখলেন তিনি।
ভারতে সদ্য শেষ হয়েছে লোকসভা নির্বাচন। গত লোকসভা নির্বাচনে এ রাজ্যে দুটি আসন জিতলেও, এবার ১৮টি আসনে পাপড়ি মেলেছে বিজেপির প্রতীক পদ্মফুল। সেখানে তৃণমূলের আসনসংখ্যা কমে দাঁড়িয়েছে ২২।
ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “সভায় রাজনৈতিকদলগুলির স্লোগানে আমার কোনও আপত্তি নেই। প্রত্যেক রাজনৈতিক দলের নিজস্ব স্লোগান আছে। আমার দলের জয় হিন্দ এবং বন্দেমাতরম, বামেদের ইনকিলাব জিন্দাবাদ, কিন্তু আমরা একে অপরকে সম্মান করি”।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রামচন্দ্রের নামে স্লোগানেও তাঁর কোনও আপত্তি নেই, তবে বিজেপি যেভাবে সেটার “ভুল ব্যবহার করে ধর্ম ও রাজনীতিকে মেশাচ্ছে”, তা নিয়ে তাঁর আপত্তি রয়েছে।
আরও পড়ুনঃ রেস্টুরেন্টে বুয়ার কাজ করেন যে মার্কিন সাংসদ
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “ভাঙচুর ও সন্ত্রাসের মাধ্যমে ঘৃণা ছড়ানোর এটা একটা পরিকল্পনামাফিক পদক্ষেপ, আমাদের সবাইকে একসঙ্গে এর বিরোধিতা করতে হবে।একজন কয়েকবার কিছু মানুষকে বোকা বানাতে পারে, কিন্তু সকল মানুষকে সকল সময়ের জন্য বোকা বানাতে পারে না”।
ইত্তেফাক/টিএস

