ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের মরদেহের সামনে দাঁড়িয়ে কেঁদে ফেললেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার রাতে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) মারা যান সুষমা স্বরাজ।
নরেন্দ্র মোদির দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী ছিলেন সুষমা। রাজনৈতিক ময়দানে মোদির ভরসার কেন্দ্রবিন্দু ছিলেন তিনি।
মঙ্গলবার সুষমার বাড়িতে জড়ো হন অনেক রাজনৈতিক নেতাকর্মী। সেখানে যোগ দেন ভারতের প্রধানমন্ত্রীও। এদিন সুষমা স্বরাজের পরিবারের লোকজনের সঙ্গে দেখা করেন। সেইসঙ্গে তার মেয়ের মাথায় হাত বুলিয়ে স্বান্তনা দিয়েছেন। তারপর দেখা হয় সুষমার স্বামী স্বরাজ কৌশলের সঙ্গে। হাতে হাত রেখে দুঃসময়ে পাশে থাকার বার্তা দেন ভারতের এই প্রধানমন্ত্রী।
একপর্যায়ে সুষমা স্বরাজের মরদেহের পাশে গিয়ে দাঁড়ানোর পরেই আবেগ চাপা রাখতে পারেননি মোদি। চোখের কনায় জমে যায় জল। ক্যামেরার সামনে তা চাপা দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন তিনি।
আরও পড়ুন: ট্রাম্প ‘আন্তর্জাতিক ডাকাত’: ভেনিজুয়েলা
এছাড়া এসময় মোদির সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য উচ্চপদস্থ নেতারাও। প্রত্যেকেই নিজের শেষ শ্রদ্ধাজ্ঞাপন করেছেন সুষমা স্বরাজকে।
ইত্তেফাক/এসআর

