অবরুদ্ধ কাশ্মীরে কার্যত ‘বন্দি’ শৈশব। গত দু’মাসে সেখানে ১৪৪ শিশুকে আটক করা হয়েছে। ৯ থেকে ১১ বছর বয়সী ওই শিশুদের রাখা হয়েছে বিভিন্ন হোমে। সুপ্রিম কোর্ট নিযুক্ত বিশেষ কমিটিকে এমনটাই জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন।
সরকারের দাবি, এদের কাউকেই বেআইনিভাবে আটক করা হয়নি। রাজ্য প্রশাসনের যুক্তি- পাথর ছোড়া, দাঙ্গা-হাঙ্গামা বাঁধানো এবং সরকারি ও বেসরাকরি সম্পত্তি নষ্টে যুক্ত থাকায় আটক করা হয়েছে ওই শিশুদের।
কিন্তু এটাই চূড়ান্ত রিপোর্ট নয়। কী অভিযোগে এবং কতজন শিশুকে আটক করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের এডিজির কাছে সেই সম্পর্কে বিস্তারিত রিপোর্ট চেয়েছে সুপ্রিম কোর্ট নিযুক্ত ওই কমিটি।
গত ৫ আগস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় বিজেপি শাসিত ভারত সরকার। জম্মু-কাশ্মীর এবং লাদাখ দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে।
আরো পড়ুন: আলোচনার ঘোষণা দিয়েই ক্ষেপণাস্ত্র ছুঁড়ল উ. কোরিয়া
বিশেষ মর্যাদা তুলে নেয়ার আগে থেকে উপত্যকাটিতে মোতায়েন করা হয় হাজার হাজার নিরাপত্তা বাহিনী। সেই থেকে উপত্যকার সঙ্গে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন গোটা ভারতের। তথ্য সূত্র: রয়টার্স, আনন্দবাজার।
ইত্তেফাক/এসআর

