ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ক্ষমতাসীন বিজেপির প্রেসিডেন্ট অমিত শাহকে বহনকারী একটি হেলিকপ্টার প্রবল বৃষ্টির মধ্যে জরুরি অবতরণে বাধ্য হয়েছে। শনিবার মুম্বাই থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে নাশিকের ওজার বিমানবন্দরে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। খবর ইন্ডিয়া টুডের।
সরকারি সূত্রে জানা গেছে, নাশিক থেকে ৭০ কি.মি. দূরে আহমেদনগরের আকোলেতে এক নির্বাচনী সমাবেশে যোগ দিতে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন অমিত শাহ। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে স্থানীয় সময় ২টা ২৫ মিনিটে পাইলট ওজার বিমানবন্দরে অবতরণে বাধ্য হন। বেলা ৩টার দিকে আবহাওয়া অনুকূলে এলে হেলিকপ্টারটি আবার আহমেদনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এর আগে, অমিত শাহ মহারাষ্ট্রের উত্তরাঞ্চলীয় জেলা নন্দুরবারের নাভাপুরে এক সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন। শনিবার সকাল থেকেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি এলাকায় বৃষ্টি হচ্ছে।
উল্লেখ্য, আগামী ২১ অক্টোবর মহারাষ্ট্র রাজ্যের বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার ছিল ওই নির্বাচনে প্রচারণার শেষ দিন।
ইত্তেফাক/এসইউ

