সৌরভ গাঙ্গুলী নিজেই জানালেন কবে মুক্তি পাবে তার বায়োপিক 

আপডেট : ২৪ জুন ২০২৫, ১৪:২৬

তারকা খেলোয়াড়দের আত্মজীবনী নিয়ে নিয়মিতই তৈরি হচ্ছে বায়োপিক। মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, মুত্তিয়া মুরালিধরনদের মতো কিংবদন্তিদের জীবনকাহিনী নিয়ে তৈরি হয়েছে সিনেমা। এবার মুক্তির অপেক্ষায় রয়েছে ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক।

সৌরভের জীবনকাহিনী নিয়ে তৈরি সিনেমার নাম এখনো ঠিক হয়নি। তবে কবে থেকে শুটিং শুরু ও মুক্তি পাচ্ছে কবে—সবই জানিয়ে দিয়েছেন প্রিন্স অব কলকাতা। 

ভারতীয় বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া এক সাক্ষাৎকারে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পাবে এটা। জানুয়ারিতে শুটিং শুরু হবে। গল্প লেখা, চিত্রনাট্য লেখা ও সিনেমা নিয়ে পরিকল্পনার কাজ গুছিয়ে উঠতে একটু সময় লাগবে।’

নিজের বায়োপিকে অভিনয়ের জন্য রাজকুমার রাও যোগ্য অভিনেতা বলে জানিয়েছেন সৌরভ। সিনেমার প্রোডিউসাররা সৌরভের আত্মজীবনী নিয়ে হতে যাওয়া সিনেমার নাম ও পরিচালকের নাম প্রকাশ করেননি। সিনেমায় শুটিংয়ের চেয়ে অন্য কাজে সময় বেশি লাগবে বলে জানান ভারতের সাবেক এই অধিনায়ক।

সৌরভ বলেন, ‘শুটিংয়ে বেশি সময় লাগবে না। তিন মাসের মতো সময় যাবে এখানে (শুটিংয়ে)। সিনেমার পোস্ট প্রোডাকশনে সময় লাগবে।’

রাজনীতিতে সৌরভ আসছেন কিনা সেটাও জানা গেছে পিটিআইয়ের সাক্ষাৎকারে। ভারতের সাবেক এই অধিনায়ককে প্রশ্ন করা হয়েছিল, ‘২০২৬ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দল প্রস্তাব দিলে আপনি কী করবেন?’ সৌরভের উত্তর ছিল, ‘আগ্রহী নই।’ এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তাবেও আগ্রহী নন বলে জানিয়েছেন প্রিন্স অব কলকাতা।

ইত্তেফাক/জেডএইচ