দুই প্রতিনিধির বাংলাদেশ সফর নিয়ে ব্যাখ্যা দিলো আইসিসি

আপডেট : ০৪ জুন ২০২৬, ১৫:৪৮

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন নিয়ে আলোচনা করতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধি দলকে বাংলাদেশে পাঠিয়েছিল। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার মোহাম্মেদ মুসাজে ও জিম্বাবুয়ে ক্রিকেটের তাভেঙ্গুয়া মুকুলানি ঢাকায় এসেছিলেন।

বাংলাদেশ সফরে এই প্রতিনিধি দল কথা বলেছে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল ও কমিটির অন্যান্য সদস্য, আগের বোর্ডের চার পরিচালক, বিসিবি নির্বাচনের কমিশনারসহ সংশ্লিষ্টদের সঙ্গে। গত মঙ্গলবার সকালে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে প্রতিনিধি দল সবার সঙ্গে আলোচনায় বসেছিলেন। 

বাংলাদেশ সফর করে যাওয়া আইসিসির প্রতিনিধি দল যথাসময়ে তাদের পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জানাবে। এর আগে এসব নিয়ে গণমাধ্যমে তারা কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। 

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিযুক্ত দুই সদস্যের একটি প্রতিনিধিদল, যার মধ্যে রয়েছেন আইসিসি বোর্ড পরিচালক ড. মোহাম্মদ এ. এস. মুসাজি (ক্রিকেট দক্ষিণ আফ্রিকা) এবং তাভেঙ্গুয়া মুকুলানি (জিম্বাবুয়ে ক্রিকেট) সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সম্পর্কিত বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা ও ঘটনাবলি পর্যালোচনা করতে বাংলাদেশ সফর করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘আইসিসি স্পষ্ট করে জানাতে চায় যে, প্রতিনিধিদলটি যথাসময়ে তাদের প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ আইসিসি বোর্ডের কাছে জমা দেবে এবং এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করবে না। সুতরাং, এই সফর সম্পর্কিত যেকোনো গণমাধ্যম প্রতিবেদন, মন্তব্য বা দাবি অনুমাননির্ভর এবং তা আইসিসির অবস্থানকে প্রতিনিধিত্ব করে না।’

ইত্তেফাক/জেডএইচ