ভারতের পশ্চিমবঙ্গের বিধাননগর আদালতে তোলা হয়েছে শরিফ ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল মাসুদ করিম এবং আলমগীর শেখকে। ১৪ দিনের রিমান্ড শেষে রোববার ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয় তাদের।
এর আগে, আদালতের বাইরে উপস্থিতি সাংবাদিকদের ফয়সাল করিম জানান, হাদি হত্যার সাথে তিনি জড়িত নন। তাকে ফাঁসানো হচ্ছে বলেও এসময় দাবি করেন তিনি।
তবে ইতোপূর্বে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স জানিয়েছিল যে, গ্রেপ্তারের পর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে ফয়সাল ও আলমগীর।
চলতি বছর ৭ ও ৮ মার্চ পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে ফয়সাল করিম ও আলমগীর শেখকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদেরকে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এদিকে, ফয়সাল ও আলমগীরকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শনিবার ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় পশ্চিমবঙ্গের একটি আদালত।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

