আইসিসির মাস সেরা হলেন ভারত-পাকিস্তানের দুই ক্রিকেটার 

আপডেট : ২৩ মার্চ ২০২৬, ১৬:৩৮

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট থেকে বিদায় নেয় পাকিস্তান। দল ব্যর্থ হলেও ব্যাট হাতে বেশ ছন্দে ছিলেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। ব্যক্তিগত পারফরম্যান্সের সেই পুরস্কার এবার পেলেন তিনি। ফেব্রুয়ারির আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন ফারহান।

একই মাসে নারী ক্রিকেটে রাজত্ব করেছেন ভারতের পেসার অরুন্ধতী রেড্ডি। অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারিয়ে টি–টুয়েন্টি সিরিজ জয়ে বড় ভূমিকা ছিল তার। শ্রীলঙ্কার হর্শিতা সামারাবিক্রমা ও পাকিস্তানের ফাতিমা সানাকে হারিয়ে ফেব্রুয়ারির আইসিসি ‘প্লেয়ার অব দ্য মান্থ’ নির্বাচিত হয়েছেন তিনি।

ইংল্যান্ডের উইল জ্যাকস আর যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালকভিককে পেছনে ফেলে মাসসেরা নির্বাচিত হয়েছেন সাহিবজাদা ফারহান। বিশ্বকাপে ৭টি ম্যাচ খেলে ৭৬.৬০ গড় আর ১৬০.২৫ স্ট্রাইক রেটে ৩৮৩ রান করেন তিনি। 

মাসসেরা নির্বাচিত হয়ে বেশ উচ্ছ্বসিত ফারহান। তিনি বলেন, 'বিশ্বকাপের মঞ্চে এমন সম্মান পাওয়া অবিশ্বাস্য অনুভূতির। যখন পুরো বিশ্ব তাকিয়ে থাকে, তখন ভালো করার আনন্দই আলাদা। এই ছন্দটা আমি ধরে রাখতে চাই।' 

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ২-১ ব্যবধানে সিরিজ জয়ে অরুন্ধতীর শিকার ছিল ৮ উইকেট। প্রথম ম্যাচে ২২ রানে ৪ উইকেট নিয়ে একাই ধসিয়ে দিয়েছিলেন অজিদের। সিরিজে গড় ছিল ১০.৮৭, ইকোনমি ৭.২৫। অরুন্ধতী বলেন, 'অস্ট্রেলিয়ার মাটিতে তাদের হারানো কখনোই সহজ নয়। সামনে ইংল্যান্ড ও ওয়েলসে মেয়েদের বিশ্বকাপ, এই জয় আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে।' 

ইত্তেফাক/জেডএইচ