জেল পুলিশের বিরুদ্ধে বৃদ্ধকে কুপিয়ে জখমের অভিযোগ

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ২০:২৯

জয়পুরহাটের পাঁচবিবিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আশ্রয়কেন্দ্রে বসবাস করা বৃদ্ধ মো. ফরিদ হোসেনকে (৬৭) ধারালো অস্ত্রে জখম করার অভিযোগ উঠেছে মো. শাহিন হোসেন নামের জেল পুলিশ সদস্যের বিরুদ্ধে।

আহত ফরিদ রোববার (২৯ মার্চ) বিকেলের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত মহিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শুক্রবার সকালে উপজেলার বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামে ঘটনাটি ঘটে।

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বালিঘাটা ইউনিয়নের উত্তর গনেশপুর গ্রামের মৃত ফকির উদ্দিনের ছেলে ফরিদ হোসেন বাড়ির পাশে কলাগাছ রোপন করে। সেই কলাগাছের পাতা উপজেলার আটাপুর ইউপির ধাওয়াইপুরের জসমত মন্ডলের ছেলে শাহিন হোসেনের (বর্তমানে জেল পুলিশ হিসেবে কর্মরত) বাড়ির দেওয়ালে লেগে যাওয়ায় তর্ক হয়। এরই এক পর্যায়ে শাহিন ও তার ছেলে মোরছালিন দেশীয় অস্ত্র দিয়ে ফরিদকে কোপাতে থাকে। এসময় ফরিদের চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে মহিপুর হাসপাতালে ভর্তি করেন।

স্থানীয় আটাপুর ইউপি চেয়ারম্যান আ.স.ম সামছুল আরেফিন চৌধুরী আবু বলেন, লোক মুখে মারামারির ঘটনাটি শুনেছি। তবে কোনো পক্ষই আমার কাছে আসেনি।

জানতে শাহিনের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার স্ত্রী মর্জিনা বেগম দাবি করেন, আমার স্বামী বৃহস্পতিবার ডিউটি শেষে বাড়িতে আসেন। সকালে সামান্য বিষয়ে প্রতিবেশী ফরিদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সে (ফরিদ) আমাকে লাঠি দিয়ে আঘাত করলে আমার স্বামী ও ছেলে তাকে মারধর করেছে।

পাঁচবিবি থানার ওসি হাফিজ মো. রায়হান বলেন, গুরুতর আহত অবস্থায় ভিকটিম থানায় আসলে দ্রুত তাকে হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাট জেলা কারাগারের জেলার (ভারপ্রাপ্ত) তোফায়েল আহম্মেদ খাঁন বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার দিন শাহিনের কর্মস্থলেই থাকার কথা ছিলো। তার কোনো ছুটি ছিলো না। 

ইত্তেফাক/এপি