পাবনার সদর উপজেলায় প্রকাশ্যে হোসেন আলী (৫৩) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গুলিতে নিহত ওই ব্যক্তি তার ছেলেকে মাদ্রাসায় দিতে যাওয়ার পথে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তার পরিবার। ঘটে। এ সময় নিহত ব্যক্তির মাদ্রাসা পড়ুয়া ছেলেটি ঘটনাস্থলেই উপস্থিত ছিল।
সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাবনা শহরের জামেয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জাফরাবাদ এলাকার বাসিন্দা। তিনি আশরাফিয়া মাদরাসার স্টাফ ছিলেন।
নিহতের পরিবারের দাবি, ছেলেকে মাদরাসায় রেখে আসার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন হোসেন আলী। একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। এরপর অস্ত্র পুনরায় লোড করে আরও কয়েক রাউন্ড গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হোসেন আলী। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাবনা সদর থানার ওসি তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেন সন্ধ্যা পৌনে ৭টার দিকে মোটরসাইকেলযোগে তার ছেলেকে পাবনা শহরের মাসুম বাজারের জামিয়া আশরাফিয়াতে রাখতে আসেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা দুষ্কৃতিকারীরা তাকে গুলি করলে সে ঘটনাস্থলেই মারা যায়।
এদিকে এর আগে বিকেল ৪টার দিকে পাবনা বাস টার্মিনাল এলাকায় বাস থেকে নেমে শহরে আসার পথে সাঁথিয়ার মনিরুল নামের এক ছাত্রকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে একই এলাকার রাকিব নামক এক যুবককে আটক করেছে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে এনেছে। তবে কী কারণে এবং কারা পৃথক দুটি হত্যার ঘটনা ঘটিয়েছে তা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

মতিঝিলে প্রকাশ্যে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই