চুয়াডাঙ্গা

ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ গেল জামায়াত নেতার

আপডেট : ০১ জুন ২০২৬, ২০:৫৩

চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে শাফায়াত উল্লাহ (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকালে সদর উপজেলার বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত শাফায়াত উল্লাহ যদুপুর গ্রামের কুমিল্লাপাড়ার শফিকুল ইসলামের ছেলে। তিনি বহুলাপাড়া জামে মসজিদের পেশ ইমাম এবং বেগমপুর ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতির দায়িত্বে ছিলেন।

জানা গেছে, রোববার দিবাগত রাতে নিজ বাড়িতে ঘুমাচ্ছিলেন শাফায়াত উল্লাহ। রাত ১টার দিকে ঘুমন্ত অবস্থায় তাকে একটি সাপ কামড় দেয়। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

শাফায়াত উল্লাহ এলাকায় একজন ধর্মপ্রাণ, সজ্জন ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন, স্থানীয় মুসল্লি ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বেগমপুর ইউনিয়ন জামায়াতের আমির মোশাররফ হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শাফায়াত উল্লাহ ইউনিয়ন জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রানা জানান, সাপের কামড়ে মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/এসএএস