সারিয়াকান্দি পৌরসভার সড়ক নির্মাণকাজে দুর্নীতির অভিযোগ

আপডেট : ০২ জুন ২০২৬, ১১:৪২

সারিয়াকান্দি পৌসভার সড়ক-ড্রেন নির্মাণকাজে ব্যাপক দুর্নীতি, অনিয়ম, ধীরগতি ও কাজ না করেই ঠিকাদারকে অগ্রিম বিল প্রদানের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন এবং ইমপ্রুভিং আরবান গভর্ন্যান্স ইনফ্রাসট্রাকচার প্রজেক্ট (আইইউজিআইপি) প্রকল্পের আওতায় পৌরসভার আন্দরবাড়ি, সাহাপাড়া, হিন্দুকান্দি বাড়ইপাড়া এলাকায় কয়েক কোটি টাকা ব্যায়ে সড়ক ও ড্রেন নির্মাণকাজ চলছে।

স্থানীয়দের অভিযোগ, এ সমস্ত কাজ এক বছর আগে শুরু হলেও এখন পর্যন্ত গড়ে ৩০ শতাংশ কাজও সম্পন্ন হয়নি। উপরন্তু নির্মাণকাজে নিম্নমানের ইট, খোয়া এবং সিমেন্ট বালুর মিশ্রণকাজে বালুর পরিমাণ বেশি দেওয়া হচ্ছে। সড়ক নির্মাণে খোঁড়াখুঁড়ি ও ধীরগতি কাজের জন্য পৌরবাসীর যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু কোথাও কোনো অভিযোগ করে লাভ হচ্ছে না। 

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কাজের গুনমান নিশ্চিত ও দ্রুত কাজ সম্পন্নের জন্য পৌর প্রকৌশলীকে নির্দেশ দেন। পৌরসভার সহকারী প্রকৌশলী শহিদুল ইসলামের কাছে কাজের ডিজাইন এস্টিমেট ও ঠিকাদারের মোবাইল নম্বর চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

আইইউজিআপির প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ইত্তেফাককে বলেন, পৌরসভার সহকারী প্রকৌশলীর সঙ্গে কথা বলে জেনেছি, কাজে কোনো অনিয়ম হয়নি। কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে।

ইত্তেফাক/আইএ