তাইওয়ানে সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে ২ পাইলটের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০২৬, ১৬:৪১

ইঞ্জিল বিকল হয়ে গেলে কি করণীয়, সে বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি চলাকালে তাইওয়ানের একটি সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট নিহত হয়েছেন।

স্বশাসিত দ্বীপরাষ্ট্রটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দুর্ঘটনায় পাইলটদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। মঙ্গলবার (২ জুন) এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

জানা গেছে, টি-৩৪ মডেলের প্রশিক্ষণ বিমানটি স্থানীয় সময় সকাল ৮টা ৮ মিনিটে গাংশান বিমানঘাঁটির রানওয়ের উত্তর পাশে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বিমানঘাঁটির অবস্থান তাইওয়ানের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী কাওহসিউং-এ। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানবাহিনী একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে। নিহত দুই পাইলটের নাম লেফটেন্যান্ট কর্নেল লু এবং লেফটেন্যান্ট কর্নেল গুও।

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে এক বিবৃতিতে বলেন, প্রাণহানির ঘটনায় তিনি ‘গভীরভাবে শোকাহত’।

তিনি নিহত পাইলটদের ‘বীর’ হিসেবে উল্লেখ করেন এবং তাইওয়ানের জন্য তাদের ‘ত্যাগ ও নিষ্ঠার’ প্রশংসা করেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুযায়ী, তাইওয়ানের বিমানবাহিনীতে পাইলটদের প্রাথমিক প্রশিক্ষণের জন্য প্রধান প্রশিক্ষণ বিমান হিসেবে এক ইঞ্জিনবিশিষ্ট টি-৩৪ বিচক্রাফট প্রপেলার বিমান ব্যবহার করা হয়।

এই বিমানগুলো প্রথম ১৯৮৪ সালে তাইওয়ানকে সরবরাহ করা হয়েছিল।

গত জানুয়ারিতে নিয়মিত প্রশিক্ষণ অভিযানের সময় তাইওয়ানের পূর্ব উপকূলের কাছে যুক্তরাষ্ট্রে নির্মিত একটি এফ-১৬ ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান সাগরে বিধ্বস্ত হয়েছিল। 

ধারণা করা হয়, বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি থেকে পাইলট বের হয়ে আসতে সক্ষম হয়েছিলেন। 

তবে এখনো তিনি নিখোঁজ আছেন।

ইত্তেফাক/এমএস