সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যা মামলার তদন্তের দায়িত্বে থাকা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইয়ের প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার বলেছেন, ‘মামলার রায়ে আমরা যেটা প্রত্যাশা করেছিলাম সেটাই হয়েছে। আমরা পেশাদারিত্বের সঙ্গে মেধা দিয়ে কাজ করেছি। প্রত্যেকের পরিবারে নুসরাত আছে, আমরা সেই ভাবনা নিয়েই কাজ করেছি।’ রায়ের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
পিবিআইয়ের প্রধান বলেন, ‘আমাদের সর্বোচ্চ মেধা প্রয়োগ করে আমরা চেষ্টা করেছি একটি নির্ভুল চার্জশিট দিতে। মামলা প্রমাণের জন্য যা যা প্রয়োজন, সবগুলো প্রয়োগের চেষ্টা করেছি। আমাদের যেসব সদস্য তদন্ত ও অপারেশনে জড়িত ছিলেন, আমরা তাদের কনভিন্স করতে পেরেছি যে অপরাধীদের শাস্তি হওয়া উচিত। আমাদের পরিবারেও এমন হতে পারে, এটা আমরা বোঝাতে পেরেছি। একটা নির্ভুল বিচার হলে সমাজের সব ক্ষেত্রে একটা বহুমুখী প্রভাব পড়তে পারে। আমরা যতদূর পেরেছি, চেষ্টা করেছি আসামিদের সর্বোচ্চ শাস্তি যাতে হয় এবং আমরা সেটা পেরেছি।’
ফেনি প্রতিনিধি জানান, রায়ের পর চট্টগ্রাম বিভাগীয় পিবিআইয়ের পুলিশ সুপার মো. ইকবাল হোসেন ইত্তেফাককে বলেন, ‘আজকে এ রায়ের ফলে দেশের যত অপরাধী আছে, সবাই শঙ্কিত হবে এবং এ ধরনের কোনো অপরাধ সংঘটিত করলে যে পার পাবে না, তা চিন্তা করবে।’
