আরো ৬ কর্মকর্তাকে বরখাস্ত করলেন থাই রাজা

আপডেট : ২৪ অক্টোবর ২০১৯, ২১:২৭

 ‘চরম অসদাচরণের’ অভিযোগে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন আরো ছয় কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। এই ছয় জনের মধ্যে এক জন নারী কর্মকর্তা, এক জন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও দুই জন রাজকীয় রক্ষী রয়েছেন। এর আগে অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে রাজসঙ্গীর পদবি ও মর্যাদা প্রত্যাহার করে নেন রাজা।

অভিযোগে বলা হয়েছে, বরখাস্তকৃতরা নিজের ও অন্য লোকদের লাভের জন্য দাপ্তরিক ক্ষমতার অপব্যবহার

করেছেন। এ ঘটনার আগে গত সোমবার রাজসঙ্গী সিনিনাথ ওংভাজিরাপাকদির পদবি ও মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়। রাজকীয় গৃহস্থালি ব্যুরোর পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল সাকোলকেত চন্ত্ররা পদচ্যুত ছয় কর্মকর্তার মধ্যে রয়েছেন বলে জানানো হয়েছে। রাজকীয় এক ফরমানে বলা হয়েছে, ‘নিজেদের ও অন্য লোকদের লাভের জন্য তারা অসত্ কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দাপ্তরিক অবস্থানের অপব্যবহার করে আচরণবিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়েছেন। তারা রাজকীয় বিধানও মেনে চলেননি, এতে রাজকীয় বিষয়গুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে।’  গত জুলাইয়ে সিনিনাথকে রাজসঙ্গী হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাজা ভাজিরালংকর্ন, কিন্তু মাত্র কয়েক মাসের মধ্যে তার পদবি ও মর্যাদা কেড়ে নেওয়ায় অনেক বিস্মিত হয়েছিলেন।