বিসিএল

রাহীর বোলিংয়ে এগিয়ে পূর্বাঞ্চল

আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ২১:৪৫

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ডে বিসিবি উত্তরাঞ্চলের বিরুদ্ধে ম্যাচে চালকের আসনে আছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে গতকাল ম্যাচের তৃতীয় দিন শেষে ১৭৯ রানে এগিয়ে আছে মুমিনুল হকের দল। নাঈম ইসলামের প্রথম শ্রেণির ক্রিকেট ক্যারিয়ারের ২৬তম সেঞ্চুরির পরও উত্তরাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৭৭ রানে। ৮৯ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা পূর্বাঞ্চল দুই উইকেটে ৯০ রান তুলেছে। মুমিনুল ৩২ ও মাহমুদুল হাসান ৫ রানে ব্যাট করছেন।

চট্টগ্রামে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৪৪ রানে এগিয়ে আছে ওয়ালটন মধ্যাঞ্চল। গতকাল তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে তাদের সংগ্রহ পাঁচ উইকেটে ১৮০ রান। অধিনায়ক শুভাগত হোম ৫৫, জাকের আলী ১০ রানে ব্যাট করছেন। এর আগে দক্ষিণাঞ্চলের প্রথম ইনিংস শেষ হয়েছে ৩৯৭ রানে।

রাজশাহীতে গতকাল শেষ আট উইকেটে প্রথম ইনিংসে ১৯৯ রান যোগ করে উত্তরাঞ্চল। নাঈম ইসলাম তুলে নেন ২৬তম সেঞ্চুরি। তিনি ১০০ রান করেন। ধীমান ঘোষ ৬৮ রান করেন। উত্তরাঞ্চলের প্রথম ইনিংসটা বড় হতে দেননি পূর্বাঞ্চলের পেসার আবু জায়েদ রাহী। নাঈম, ধীমানের পাশাপাশি প্রতিপক্ষের লোয়ার অর্ডারকেও থিতু হতে দেননি তিনি। ৭৪ রানে ৬ উইকেট নেন এই ডানহাতি পেসার। এনামুল জুনিয়র দুটি উইকেট পান।

৮৯ রানে এগিয়ে থেকে খেলতে নামা পূর্বাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৮১ রানে হারিয়েছে দুই ওপেনারকে। রনি তালুকদার ১৬, সাদিকুর রহমান ৩৬ রান করে সানজামুলের শিকার হন। দিনের বাকি সময়ে আর বিপদ হতে দেননি মুমিনুল-মাহমুদুল হাসান। আজ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে জয়ের সুযোগ তৈরি করতে পারে পূর্বাঞ্চল। সেজন্য দ্রুত রান তুলে চ্যালেঞ্জিং টার্গেট দেওয়ার সঙ্গে বল হাতে সেরাটা দিতে হবে দলটিকে। চট্টগ্রামে গতকাল অবশিষ্ট পাঁচ উইকেটে প্রথম ইনিংসে ৮৮ রান যোগ করে দক্ষিণাঞ্চল। রকিবুল হাসান ৬৫, মেহেদী হাসান ৪৬, রাজ্জাক ১৯ রান করেন। মধ্যাঞ্চলের আরাফাত সানি চারটি, ইয়াসিন আরাফাত দুটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে ১৩৬ রানের লিড পায় দক্ষিণাঞ্চল। পরে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে চার উইকেট হারিয়েছে মধ্যাঞ্চল। সাদমান ২৩, আব্দুল মজিদ ২৩, তাইবুর রহমান ৩৩ রান করেন। একপ্রান্ত আগলে খেলে যাচ্ছেন শুভাগত হোম। তাকে সঙ্গ দিচ্ছেন জাকের আলী। দক্ষিণাঞ্চলের মেহেদী হাসান তিনটি উইকেট নেন। আজ যত দ্রুত মধ্যাঞ্চলের দ্বিতীয় ইনিংস শেষ হবে দক্ষিণাঞ্চলের জয়ের সম্ভাবনা ততই উজ্জ্বল হবে।