যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:৪৫

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে এক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। বাংলাদেশি মিসবাহউদ্দিন কাজল (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরদিন হাসপাতালে চিকিত্সাধীন তার ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ মারা যায়।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মিসবাহউদ্দিন কাজল তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তারা এরি স্ট্রিটের আলমা স্কুল রোড পার হওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মিসবাহ ঘটনাস্থলে মারা যান। বুধবার পুলিশ চালক মিশেল হেগারম্যানকে (৫৪) গাড়িসহ তার বাড়ি থেকে আটক করে।

বুধবার জানাজা শেষে অ্যারিজোনায় বাবা-ছেলের মরদেহ দাফন করা হয়েছে। মিসবাহউদ্দিন তার ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজ পড়ুয়া মেয়ে ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে যান। কাজলের বড়ো ভাই ডা. ইকবালউদ্দিন জুয়েল যুক্তরাষ্ট্র প্রবাসী। তার আবেদনেই তিনি সেখানে যান। তাদের গ্রামের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়।