ফেনীর নুসরাত জাহান রাফি হত্যা মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেছেন, খুনের মামলার বিচারকাজ এ রকমই হওয়া উচিত। অল্প সময়ের মধ্যে এ ধরনের যুগান্তকারী ও গুরুত্বপূর্ণ মামলাগুলোর রায় হওয়া দরকার। দ্রুততম সময়ে নুসরাত হত্যা মামলার রায় প্রদান আমাদের বিচার বিভাগের জন্য বিরাট সার্থকতা এবং একটি মাইলফলক। গতকাল বৃহস্পতিবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে দেওয়া প্রতিক্রিয়ায় অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।
তিনি বলেন, সব খুনের মামলার বিচারকাজ যদি এরকম ত্বরিতগতিতে সম্পন্ন হয় তাহলে অন্ততপক্ষে জনগণ বিচার পাবে। অ্যাটর্নি জেনারেল বলেন, নিম্ন আদালত রায় দিয়েছে। এই রায় চূড়ান্ত হবে উচ্চ আদালতে। কতজনের ফাঁসি বহাল থাকবে সেটা জানা যাবে ডেথ রেফারেন্স নিষ্পত্তির পর। আসামিদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হাইকোর্টে আপিল ও ডেথ রেফারেন্স দ্রুত শুনানির উদ্যোগ নেওয়া হবে।
