সংবাদপত্র শিল্পের উন্নয়নে এফবিসিসিআইয়ের সহযোগিতা চায় নোয়াব

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:৪৬

সংবাদপত্র শিল্পের উন্নয়নে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহযোগিতা চেয়েছে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। একই সঙ্গে এই শিল্পের বিদ্যমান সংকট আলোচনার মাধ্যমে সমাধানের ক্ষেত্রেও এফবিসিসিআইয়ের সহযোগিতা চেয়েছে নোয়াব।

গতকাল বৃহস্পতিবার এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দের সঙ্গে নোয়াব নেতৃবৃন্দের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম এবং নোয়াবের সভাপতি মতিউর রহমান উপস্থিত ছিলেন।

বৈঠকে সংবাদপত্র শিল্পের বিদ্যমান সংকটের বিষয়টি উঠে আসে। এ সময় নোয়াবের পক্ষ থেকে বলা হয়, বর্তমানে সংবাদপত্র শিল্প অতীতের যে কোনো সময়ের চেয়ে কঠিন সময় পার করছে। এটি সেবা খাত হওয়া সত্ত্বেও এর ওপর ৩৫ শতাংশ করপোরেট কর আরোপ করা হয়েছে, যা এই শিল্পের অগ্রগতির জন্য বড়ো বাধা। এই অবস্থায় টিকে থাকতে হিমশিম খেতে হচ্ছে এই শিল্পকে। অধিকাংশ সংবাদপত্রকে ভর্তুকি দিয়ে চালাতে হচ্ছে।

এ সময় সম্প্রতি সরকার ঘোষিত নবম ওয়েজবোর্ড নিয়েও আলোচনা হয়। নোয়াবের সভাপতি বলেন, নতুন ওয়েজবোর্ড বাস্তবায়নের কারণে সংবাদপত্র শিল্প চাপের মধ্যে পড়েছে। এই শিল্পের আয় বাড়ানো, করপোরেট কর কমানোসহ শিল্পের উন্নয়নের লক্ষ্যে সরকারের সঙ্গে নোয়াবের যোগাযোগ বৃদ্ধির সুযোগ তৈরিতে এফবিসিসিআইয়ের সহযোগিতা চাওয়া হয়।

এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, সরকারের সঙ্গে সংবাদপত্র শিল্পের কোনো মালিকের যদি দূরত্ব থাকে, সেটি এফবিসিসিআইয়ের ম্যান্ডেট-বহির্ভূত। যেহেতু ওয়েজবোর্ড বাস্তবায়ন প্রক্রিয়ার শুরু থেকে এফবিসিসিআইয়ের সম্পৃক্ততা ছিল না, তাই বিষয়টির করণীয় মূল্যায়ন করা যেতে পারে। তবে এই শিল্পের অর্থনৈতিক স্বার্থ, বিশেষত ভ্যালু চেইনের কাঠামো নিয়ে নোয়াবের সঙ্গে যৌথভাবে পর্যালোচনা করা যেতে পারে।

নোয়াবের সভাপতি ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন সমকালের প্রকাশক এ কে আজাদ, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম, মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজের মুদ্রাকর তারিক সুজাত, বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ, সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির, এফবিসিসিআইয়ের সহসভাপতি সিদ্দিকুর রহমান, হাসিনা নেওয়াজ, দিলীপ কুমার আগরওয়ালা, পরিচালক মুনির হোসেন প্রমুখ।