ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, আইনপ্রণেতারা আগামী ১২ ডিসেম্বর সাধারণ নির্বাচন অনুষ্ঠানে সম্মতি দিলে তিনি ব্রেক্সিট চুক্তি নিয়ে আরও বেশি বিতর্কের সুযোগ দেবেন। ইউরোপীয় ইউনিয়ন ৩১ অক্টোবরের ব্রেক্সিট সময়সীমা বাড়াতে সম্মতি দেবে বলে আশা করছেন তিনি। তবে ‘সত্যিই’ তিনি এটা চান না। নির্বাচন অনুষ্ঠানে আগামী সপ্তাহে পার্লামেন্টে একটি ভোটাভুটির আয়োজনে বিরোধী দল লেবার পার্টির সমর্থন প্রত্যাশা করেন তিনি।
দীর্ঘ টানাপড়েন আর অনিশ্চয়তার পর গত সপ্তাহে ব্রেক্সিট চুক্তির বিষয়ে ইইউ-জনসন সমঝোতা হয়। প্রক্রিয়া মাফিক ৩১ অক্টোবরের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়ন করতে হলে তার আগে ব্রিটিশ পার্লামেন্টে এটি অনুমোদন করিয়ে নিতে হবে। মঙ্গলবার সরকার প্রস্তাবিত ১১৫ পৃষ্ঠার চুক্তির খসড়া হাউস অব কমন্সে উত্থাপন করা হলে তা আলোচনার জন্য গ্রহণ করা হয়। আশা করা হচ্ছে ইইউ আগামী জানুয়ারির শেষ পর্যন্ত ব্রেক্সিট বিলম্বিত করতে সম্মত হবে। ফলে আগামী ১২ ডিসেম্বর যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন আয়োজন করতে পার্লামেন্টে সামনের সপ্তাহে ভোটাভুটি আয়োজন করতে চান প্রধানমন্ত্রী বরিস জনসন।
