কাতালুনিয়ার সঙ্গে ‘একযোগে স্বাধীনতার লড়াইয়ের’ ডাক হংকংয়ে

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০০:৫২

স্পেনের কাতালুনিয়ার সঙ্গে একাত্মতা প্রকাশ করে ব্যানারে ব্যানারে ‘একযোগে স্বাধীনতার জন্য লড়াই’য়ের ডাক দিয়ে হংকংয়ে বিক্ষোভ করেছে শত শত বিক্ষোভকারী। বৃহস্পতিবার হংকংয়ের গণতন্ত্রপন্থি ওই বিক্ষোভকারীরা স্পেন থেকে কাতালুনিয়ার বিচ্ছিন্নতাবাদের সমর্থনে সমাবেশ করে কাতালান পতাকাও প্রদর্শন করে। দেখা গেছে, অধিকাংশ ব্যানারেই বিক্ষোভকারীরা কাতালানের স্বাধীনতার ডাক দিয়েছে কিংবা হংকংয়ে গত ৫ মাসের বিক্ষোভ-সংঘর্ষে পুলিশের নিষ্ঠুরতার নিন্দা জানিয়েছে। আবার বড় কয়েকটি পতাকা উড়িয়ে হংকংয়ের স্বাধীনতার ডাকও দিয়েছে। হংকংয়ের গণতন্ত্রপন্থি বিক্ষোভে চীনের নিয়ন্ত্রণের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছে লাখ লাখ বিক্ষোভকারী। এক বিক্ষোভকারী বলেন, আমি বিক্ষোভে এসেছি কারণ আমার মনে হয় হংকংয়ের মতো কাতালুনিয়ারও সমর্থন প্রয়োজন। গণতন্ত্র অণ্বেষন করাটা সর্বজনীন এক মূল্যবোধের ব্যাপার। -ইউরোনিউজ