আন্তর্জাতিক গণমাধ্যমে নুসরাত হত্যার রায়

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ০১:০১

ফেনীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় ১৬ আসামির সবাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় দেশের মানুষ শোকে স্তব্ধ হয়ে গিয়েছিল। ঘটনাটি তখন সারাদেশের গণমাধ্যমের মূল বিষয়বস্তু হয়ে ওঠে। জাতীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তখন গুরুত্বপূর্ণ সংবাদ হয়েছিল নুসরাত হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের বিচারের রায়ও গতকাল দেশীয় গণমাধ্যমের পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা, বার্তা সংস্থা রয়টার্স, এএফপিসহ বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে নুসরাত হত্যার রায়ের খবর। গতকাল বৃহস্পতিবার বিবিসি অনলাইনে ‘নুসরাত জাহান রাফি:ডেথ পেনাল্টি ফর ১৬ হু সেট স্টুডেন্ট অন ফায়ার’ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে। ঐ প্রতিবেদনে বলা হয়েছে, নুসরাত হত্যাকাণ্ড সারাদেশকে শোকাতুর করে তোলে এবং ন্যায় বিচারের দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ হয়। বাংলাদেশে এই ধরনের মামলার বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে কয়েক বছর লেগে যায়। কিন্তু নুসরাতের মামলা দ্রুততম সময়ে নিষ্পত্তি হওয়া মামলাগুলোর অন্যতম। নুসরাত হত্যাকাণ্ডকে বর্বর বলে অভিহিত করেছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। বাংলাদেশের কিশোরীকে আগুন দিয়ে পোড়ানোর ঘটনায় ১৬ জনের মৃত্যুদণ্ডের খবর প্রকাশ করেছে বার্তা সংস্থাটি। নুসরাত হত্যায় ১৬ জনের ফাঁসির রায়ের খবর প্রকাশ করেছে রয়টার্সও।

আল জাজিরা ‘বাংলাদেশ সেন্টেন্সেস ১৬ টু ডেথ ওভার নুসরাত জাহান রাফি মার্ডার’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশ করেছে। ঐ খবরে বলা হয়েছে, নুসরাত হত্যার পর জোরালো বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ভারতীয় বার্তা সংস্থা এ এন আই একটি প্রতীকী ছবির মধ্য দিয়ে এই খবর প্রকাশ করেছে। যুক্তরাজ্যের দ্য গার্ডিয়ানেও নুসরাত হত্যাকাণ্ডের রায়ের সংবাদ প্রকাশ হয়েছে। জাপান টুডেও গুরুত্ব দিয়ে এই খবর প্রকাশ করেছে।