চলে গেলেন অভিনেতা, নির্মাতা ও গল্পকার হুমায়ূন সাধু। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় সাধু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
গতকাল বাদ জুম্মা রাজধানীর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পার্শ্ববর্তী গোরস্থানে তাকে দাফন করা হয়।
গত রবিবার দ্বিতীয়বারের মতো ব্রেন স্ট্রোক করেন হুমায়ূন সাধু। সেদিন রাতেই স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর থেকেই লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। এর আগে গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হয়। তখন তার কথা বলাও বন্ধ হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু তার আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়ে লাইফ সাপোর্টে ভর্তি ছিলেন এই অভিনেতা। মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ঊন মানুষ’ টিভি ফিকশন দিয়ে অল্প সময়েই দর্শকের কাছে বেশ জনপ্রিয়তা পান হুমায়ূন সাধু। এরপর নিয়মিত অভিনয় করেছেন টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে। বেশকিছু নাটকও পরিচালনা করেছেন সাধু। তার লেখা একমাত্র গল্পের বই ‘ননাই’ প্রকাশ পেয়েছিল সর্বশেষ একুশে বইমেলায়।
