বলিউড নায়িকা মাধুরী দীক্ষিতের হাত থেকে সম্মাননা গ্রহণ করলেন বাংলাদেশের স্বনামধন্য মেকআপ আর্টিস্ট জাহিদ খান। সম্প্রতি মুম্বাইয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ‘বেস্ট অ্যান্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’-এর এই সম্মাননা গ্রহণ করেন জাহিদ খান।
এ প্রসঙ্গে জাহিদ খান বলেন, ‘বলিউড নায়িকা মাধুরী দীক্ষিতকে যখন থেকে চিনি তখন থেকেই আমি তার ভক্ত। তার সৌন্দর্য, গ্লামার, অভিনয়, নাচ সবকিছুই খুব ভালো লাগে। তার হাত থেকে সম্মাননা গ্রহণ করে আমি সম্মানিতবোধ করছি।’
প্রসঙ্গত, সম্মাননা গ্রহণের সময় মাধুরী দীক্ষিতকে জাহিদ খান তার নিজ হাতে আঁকা একটি স্কেচ উপহার দেন। তিনি বলেন, ‘আমার বয়স যখন ১০/১২ তখন আমি স্কেচটি এঁকেছিলাম। স্কেচটি মেকআপ প্রোডাক্ট দিয়ে সম্প্রতি বিশেষভাবে কালার করা হয়েছিল। স্কেচটি পেয়ে মাধুরী দীক্ষিত খুবই অভিভূত হন ও প্রশংসা করেন। এটি আমার জন্য অনেক বড় পাওয়া।’
