বদলগাছীতে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৪

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছীতে ব্রিজ ভেঙে যান চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

জানা যায়, উপজেলার কোলা ইউপির কেশাইল হতে মিঠাপুর ও ভান্ডারপুর সংযোগ সড়কের তিন মাথা মোড় পর্যন্ত কেশাইল গ্রামের কাছে ১৮-২০ বছর আগে নির্মিত ব্রিজের মাঝখানে ছাদ ভেঙে গেছে। এতে করে ভ্যান-রিকশাসহ অন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়েছে। ব্রিজটি ভাঙার পর চার মাস পেরিয়ে গেলেও মেরামত করার কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেশাইল গ্রামের আবুল কাশেম, পারিস হোসেনসহ অন্যরা বলেন, প্রায় ছয় মাস পূর্বে কেশাইল থেকে মিঠাপুর-ভান্ডারপুর সড়কের তিনমাথা মোড় পর্যন্ত সড়কটি পাকাকরণ হয়। এর সঙ্গে পুরাতন এই ব্রিজটি যদি ভেঙে নতুনভাবে করা হতো তাহলে এই সমস্যার সৃষ্টি হতো না। তারা আরো বলেন, ভাঙা ব্রিজের উত্তর পাশের কিছু জায়গা ভেঙে যাচ্ছে দ্রুত মেরামত করা না হলে যে কোনো মুহূূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান  এলাকাবাসী।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মনিরুজ্জামান জানান, যখন সড়কটি নির্মাণ করা হয়েছিল তখন ব্রিজটি ভালো ছিল। তদন্তপূর্বক ব্রিজ দ্রুত মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।