নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা
নাগেশ্বরীতে কার্তিকের বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। হালকা বাতাস ও ঝিরঝিরে বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা। ঠান্ডায় কাঁপছে মানুষ।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে হেমন্তের শুরুতে কার্তিকের প্রথম সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হয় হালকা বৃষ্টিপাত। শুক্রবার সকাল থেকে এর প্রবণতা বাড়ে। সঙ্গে ঠান্ডা বাতাস।
সাপ্তাহিক বন্ধের দিন হওয়ায় অনেকেই অপেক্ষা করেছিল দিনের শেষে হালকা বাতাস ও বৃষ্টিপাত থেমে গেলে তারা হয়তো ঘরের বাইরে বের হবেন। কিন্তু আবহাওয়া সারাদিন একই অবস্থায় বিরাজ করায় বাড়িতে বসেই অলস সময় কাটাতে হয়। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হয়নি তেমন কেউই। অধিকাংশ দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান ছিল বন্ধ। রাস্তাঘাট ছিল প্রায়ই ফাঁকা।
আগাম ঠান্ডা মোকাবিলায় অনেককে শীতবস্ত্র পরিধান করতে দেখা গেছে। এ অবস্থায়ও থেমে ছিল না খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের চলাচল। বৃষ্টিতে ভিজেই কাজে গেছেন তারা। দিন শেষে ফিরেছেন ভেজা কাপড়ে। উষ্ণতা নিয়েছেন খরকুটো জ্বালিয়ে।
