কুমিল্লায় শচীন মেলার সমাপনী আজ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় দুই দিনব্যাপী শচীন মেলার সমাপনী আজ শনিবার। এ উপলক্ষ্যে শুক্রবার নগরীর চর্থা এলাকায় ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের পৈত্রিক নিবাসে মেলার উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীরসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মেলায় জেলা প্রশাসন, প্রত্নতত্ত্ব অধিদপ্তরসহ বিভিন্ন ব্যানারে বেশ কয়েকটি স্টল রয়েছে।  আজ মেলার সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান এবং বিশেষ অতিথি কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম অংশগ্রহণ করবেন। মেলায় শচীন দেব বর্মণ সম্পর্কিত রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, শচীন দেব বর্মণের গানের প্রতিযোগিতা, সেমিনার, পুরস্কার বিতরণ ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।