সরাইলে প্রতিপক্ষের হামলায় আহত ব্যক্তির মৃত্যু

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার রাজাপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত আবদুল্লাহ মিয়া নামের এক বৃদ্ধ মারা গেছেন। শুক্রবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় ঢাকার মোহাম্মদপুর সিটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় আবদুল্লাহ মিয়া মারা যান।

নিহত আবদুল্লাহ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের রাজাপুর গ্রামের আবদুল কাদিরের ছেলে। এদিকে তার মৃত্যুর খবরে রাজাপুর গ্রামে উত্তেজনা বিরাজ করায় পুলিশ অবস্থান নিয়েছে। নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, গত ১৩ অক্টোবর সন্ধ্যায় রাজাপুর গ্রামের চকবাজারে সাফিল মিয়ার সঙ্গে তার প্রতিবেশী মনির মিয়ার বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জেরে মনির মিয়ার লোকজন সাফিল মিয়ার বাড়িতে হামলা চালায় ও বাড়ির লোকজনকে বেদম মারধর করে। এ সময় প্রতিপক্ষের মারধরে গুরুতর আহত হন আবদুল্লাহ মিয়া।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) মো. নুরুল হক বলেন, প্রতিপক্ষের বিরুদ্ধে আবদুল্লাহ মিয়ার পক্ষের দায়েরকৃত মামলাটিই আদালতের সহায়তায় হত্যা মামলায় পরিণত হবে। রাজাপুর গ্রামে পুলিশ অবস্থান করছে ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।