শ্রীবরদীতে বৃদ্ধকে গলা কেটে হত্যা গ্রেফতার এক

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৮

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা

শ্রীবরদীতে বৃহস্পতিবার রাতে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ইস্রাফিল (৬০)। এ ঘটনায় নিহতের স্ত্রী আমেনা বেগম ওরফে লাল ভানু বাদী হয়ে প্রতিবেশী আমিজল হকসহ নয় জনের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আমেনা বেগম বলেন, উপজেলার মালাকোচা গ্রামের প্রতিবেশী আমিজল হকের সঙ্গে ইস্রাফিলের দীর্ঘদিন যাবত্ গরু নিয়ে শত্রুতা চলছিল। এরই জের ধরে আমিজল হক তার লোকজন নিয়ে এক মাস আগে ইস্রাফিলের দুটি গরু নিয়ে যায়। এ ব্যাপারে তাদের ছেলে লালচান বাদী হয়ে থানায় অভিযোগ দেয়। এতে ক্ষিপ্ত হয়ে আমিজল তার লোকজন নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইস্রাফিলকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে ঐ গ্রামের আইমছ আলী ওরফে বগা মিয়ার ধান খেত সংলগ্ন কাঁচা সড়কের পাশে নিয়ে গলা কাটে। পরিবারের লোকজন খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থা আরো খারাপ দেখে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমিজল হককে গ্রেফতার করা হয়েছে। অপর আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।