বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে রংপুরে কাজির দণ্ড

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৮

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়ায় অপ্রাপ্ত মেয়েকে বাল্যবিয়ে দেয়ার সময় বর ও কনের বাবাকে ২০ হাজার টাকা জরিমানা ও কাজিকে  ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

কাউনিয়া উপজেলার এক নিভৃত পল্লিতে ভুয়া কাজির মাধ্যমে বাল্যবিবাহ দেয়ার সময় কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফত্ আরা বেগম বৃহস্পতিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ প্রদান করেন।

উপজেলার টেপামধুপুর ইউনিয়নের পূর্ব রাজিব গ্রামে বাল্যবিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফত্ আরা বেগম থানা পুলিশ নিয়ে কনের বাবার বাড়িতে হাজির হন। এ সময় বর জিয়াউর রহমানসহ (২৭) অন্যরা পালিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বরের বাবাকে ১০ হাজার ও কনের বাবাকে ১০ হাজার এবং কাজিকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ডাদেশ দেন।

কাজি মোকছেদদুল ইসলাম উপজেলার শহিদবাগ ইউনিয়নের বল্লভবিসু দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক বলে জানা গেছে।