রাজশাহীতে আগ্নেয়াস্ত্র ও মাদকসহ আটক দুই

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:০৯

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে প্রাইভেটকার তল্লাশি করে বিদেশি রিভলবার, পিস্তল, গুলি এবং বিপুল মাদকসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে মহানগরীর চন্দ্রিমা থানাধীন নাদের হাজির মোড়ে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটকরা হলেন—পবা উপজেলার হরিয়ান পূর্বপাড়ার আজাহার উদ্দিন ও ছোটো বনগ্রামের মমিন।

মহানগর ডিবির সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাদের হাজির মোড় এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় সন্দেহ হওয়ায় তারা একটি প্রাইভেট কার জব্দ করে তল্লাশি চালিয়ে দুই ব্যক্তির দেহ থেকে গুলি ভর্তি একটি রিভলবার ও একটি পিস্তল এবং ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করে। পরে প্রাইভেটকার থেকে ২০০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। রাতেই তাদের ঘটনাস্থল থেকে মহানগর ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

মহানগর ডিবির উপ-পুলিশ কমিশনার আবু আহম্মদ আল মামুন জানান, আটকদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়েছে।