সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ অক্টোবর ২০১৯, ২১:১১

রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে রক্তদান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপান চত্বরে রক্তদান অনুষ্ঠিত হয়। এ সময় পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, পুলিশের অন্য সদস্যসহ সাধারণ মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন। এছাড়া শহীদ মুনসুর আলী অডিটোরিয়ামে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ প্রমুখ উপস্থিত ছিলেন।

সরকারি চাকরিজীবীদের বিভাগীয় সম্মেলন

বরিশাল অফিস ১১-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম এর বরিশাল বিভাগীয় সম্মেলন শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। শহিদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বিভাগীয় পরিষদের আহ্বায়ক গোলাম কাদের তানু। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় পরিষদের আহ্বায়ক মিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন সদস্য সচিব মাহমুদুল হাসান। সম্মেলনে কেন্দ্রীয় এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ভোলার ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি ভোলায় চার ব্যক্তি নিহতের ঘটনায় পঞ্চগড়ে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার জুমার নামাজের পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে জড়ো হয়ে মুসল্লিরা এ বিক্ষোভ করেন। পরে শের-ই-বাংলা পার্কে পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পঞ্চগড়ের সভাপতি মোবাশ্বের হোসেন, সাধারণ সম্পাদক ক্বারী মোহাম্মদ আব্দুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি কামরুল হাসান প্রধান ও ইসলামী যুব আন্দোলনের সভাপতি সোহেল রানা।

গ্রাহকসেবায় পল্লী বিদ্যুতের উঠান বৈঠক

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লা পল্লী বিদ্যুত্ সমিতি-৪ এর উদ্যোগে বৃহস্পতিবার রাতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সদরের দিশাবন্দ গ্রামে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ন প্রকৌশলী দিলীপ চন্দ্র চৌধুরী। এতে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম চৌধুরী। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা।

পর্নো ছবি সংরক্ষণ ও সরবরাহের দায়ে দুই জনকে দণ্ড

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বাণিজ্যিক কম্পিউটারে পর্নো ছবি সংরক্ষণ ও সরবরাহের দায়ে এস কে ফটোস্ট্যাট দোকানের মালিক জামাল হোসেনকে এক মাস ও কর্মচারী নিয়াজ মাহমুদকে ২০ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সরকার আবদুল্লাহ আল মামুন বাবু এ আদালত পরিচালনা করেন।

খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী

চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা চাটখিল উপজেলার খিলপাড়া ব্লাড ডোনেট ক্লাবের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন হয়েছে বৃহস্পতিবার বিকেলে। এ উপলক্ষ্যে খিলপাড়া হাই স্কুল মাঠে আলোচনাসভার আয়োজন করা হয়। ক্লাবের সভাপতি মামুন হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান।

নাগরপুরে গণহত্যা দিবস পালিত

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শুক্রবার সকালে উপজেলার বনগ্রাম গণকবরে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বনগ্রাম শহিদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক ফজলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি আহসানুল ইসলাম টিটু।

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা ভূরুঙ্গামারীতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে শুক্রবার শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ভূরুঙ্গামারী থানায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিশু-কিশোর অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন কচাকাটা-ভূরুঙ্গামারী সার্কেলের সিনিয়ার এএসপি শওকত আলী, ওসি ইমতিয়াজ কবির, ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং উপজেলা সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মুকুল চৌধুরী প্রমুখ।